বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Wednesday, March 30, 2011

নোয়াখালীতে পোল্ট্রি খামারী খুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাইফ উদ্দিন খালেদ(২৭) নামে এক পোল্ট্রি খামারী খুন হয়েছেন। খালেদ চরকাঁকড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীনের ছেলে। গত মঙ্গলবার শেষ রাতের দিকে দুর্বত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে বুধবার থানায় মামলা হয়েছে।
জয়নাল আবেদীনর জানান, প্রতিদিনের মতো রাতের খাওয়া সেরে বাড়ির সামনের বৈঠক খানায় ঘুমাতে যান খালেদ। শেষ রাতের দিকে ছেলের চিৎকার শুনে পরিবারের লোকজন গিয়ে দেখেন বিছানায় খালেদের রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে। রাতেই তাঁরা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

নোয়াখালীতে ডাকাতের গুলিতে কলেজ ছাত্র নিহত

নোয়াখালীতে ডাকাতের গুলিতে ইস্তিয়াক হোসেন (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়। এসময় ইস্তিয়াকের চাচা কামাল উদ্দিন (৪৫) গুলিবিদ্ধ হন। ইস্তিয়াক চাপরাশিরহাট কলেজের  এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার গভীর রাতে ১২ থেকে ১৫ জনের একদল ডাকাত কবিরহাট উপজেলার রামেশ্বরপুর গ্রামের হানিফ মঞ্জিল, কামাল উদ্দিন পাটোয়ারী বাড়ি ও দানু পাটোয়ারী বাড়ীতে ডাকাতি করে। ডাকাত দল তিনটি বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে করে নিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন তাদের থেকে ঘিরে ফেলে।

সামগ্রিক কৃষি সংস্কারের দাবি নোয়াখালীতে তরুণদের সমাবেশ ও শোভাযাত্রা


কৃষি পথযাত্রাকে সামনে রেখে নোয়াখালীতে সোমবার তরুণরা ব্যতিক্রমধর্মী একটি শোভাযাত্রা বের করে।
নোয়াখালী প্রেসক্লাব থেকে সকাল ১০টায় শোভযাত্রাটি বের হয়ে জেলা শহর মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা সামগ্রিক কৃষি সংস্কারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি দেন।

নোয়াখালীতে ২৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ


নোয়াখালী সদর উপজেলার ২৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮ লাখ টাকা মূল্যের বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ৯টি কলেজ, ৫২টি হাইস্কুল ও ১৮৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিতরনকৃত ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে ক্রিকেট, ভলিবল ও ফুটবল সেট।

Tuesday, March 29, 2011

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাইবার সেন্টার উদ্বোধন এবং তথ্যপ্রযুক্তি ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


২৯ মার্চ ২০১১ সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত ‘সাইবার সেন্টার’ এবং ‘তথ্যপ্রযুক্তি ও কর্মসংস্থান’ বিষয়ক সেমিনার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বিশেষ অতিথি হিসেবে প্রফেসর ড. শ্যামল কান্তি বিশ্বাস, মাননীয় উপাচার্য, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপস্থিত ছিলেন।

Sunday, March 27, 2011

কোম্পানীগঞ্জে ইসলাম-করিম ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান


নোয়াখালীর কোম্পানীগঞ্জের ইসলাম-করিম ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শনিবার বিভিন্ন হাইস্কুল, মাদ্রাসা ও কলেজের ১৫০ জন গরীব ও মেধাবী ছাত্রছাত্রীর বৃত্তি বিতরণ করা হয়। চরহাজারী গ্রামের প্রয়াত শিক্ষানুরাগী নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাজারীহাট হাইস্কুল এন্ড বিএম কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম।

Saturday, March 26, 2011

নোয়াখালীতে স্বাধীনতা দিবস পালিত

নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১মিনিটে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্বে পুস্পর্ঘ অর্পন করেন জেলা প্রশাসক সিরাজুল ইসলাম, পুলিশ সুপার হারুন-উর-রশীদ হাযারী, জেলা আ.লীগের পক্ষে যুগ্মসম্পাদক বেলাল উদ্দিন কিরণ, জেলা বিএনপির পক্ষে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ।
এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, নোয়াখালী মেডিকেল কলেজ, বিভিন্ন সামাজিক সংগঠন ও ছাত্র সংগঠন পৃথক পৃথকভাবে স্মৃতিস্তম্বে পুস্পার্ঘ অর্পন করেন।

নোয়াখালীতে নাগরিক শোকসভা

নোয়াখালীর পৌরসভার প্রয়াত কাউন্সিলর স্নেহাংশুভূষন পাল ওরফে পরানবাবুর স্মরনে এক নাগরিক শোকসভা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। হরিনারায়নপুর রেলষ্টেশন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ শোকসভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ একরামুল করীর চৌধুরী।
মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগারিক শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মহিউদ্দিন লাতু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, ভাইস চেয়ারম্যান নিলুফার মমিন, আল-আমিন গ্র“পের ব্যাবস্থাপনা পরিচালক আনোয়ার মির্জা, অ্যাডভোকেট কামরুল ইসলাম, আবদুল ওয়াদুদ পিন্টু, সহিদউল্লাখান সোহেল ও প্রয়াত স্নেহাংশুভূষন পাল এর জৈষ্ঠ্য সন্তান রতন কৃষ্ণ পাল বক্তৃতা করেন।

নজরুল একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার পদিপাড়া নজরুল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি  আলমগীর ইউসুফ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য পারভেজ আলম ও সিনিয়র শিক্ষক ইকবাল হোসেন বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

নোয়াখালীতে বাস চাপায় একজনের মৃত্যু: সড়ক অবরোধ

বাস চাপায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয়রা নোয়াখালী-লাকসাম সড়কে একঘন্টা অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট নুতন বাজার এলাকায় বিকাল পাঁচটার দিকে কুমিল্লা থেকে নোয়াখালী অভিমুখী উপকূল এক্সপেসের দ্রুতগামী একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী একটি রিক্সায় পেছন দিক থেকে ধাক্কা দেয়। রিক্সাচাত্রী আলমগীর হোসেন(১৩) ঘটনাস্থলে মারা যায়।

Friday, March 25, 2011

সোনাইমুড়ীতে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ আহত ৩০\ বাড়িঘর ও দোকানপাটে হামলা\ গাড়ি ভাংচুর\ ১৪৪ ধারা জারী

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা সদরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত  দফায় দফায় এই সংঘর্ষ চলাকালে তিনটি বাড়ি ও ১০টি দোকাননে হামলা এবং বেশকিছু গাড়ি ভাংচুর করা হয়।
উদ্ভুত পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন শুক্রবার বিকাল তিনটা থেকে শনিবার ভোর ছয়টা পর্যন্ত  সোনাইমুড়ি বাইপাস, ছাতারপাইয়া চৌরাস্তা এবং সোনইমুড়ি মডেল স্কুল শহীদ মিনারসহ তৎসংল্গন এলাকায়  ১৪৪ ধারা জারি করে।

Thursday, March 24, 2011

জলদস্যুদের বাঁধা।। নিজ নির্বাচনী এলাকায় যেতে পারেননি হাতিয়ার সাংসদ ফজলুল আজিম

হাতিয়ার সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমকে জলদস্যুরা বৃহস্পতিবার তাঁর নির্বাচনী এলাকয় যেতে দেয়নি।
জাতীয় সংসদের একমাত্র এই স্বতন্ত্র সাংসদ সকালে জেলা সদর থেকে হাতিয়ার উদ্দেশ্যে রওয়না হলে চেয়ারম্যান ঘাটের পুলিশ ক্যাম্পের সামনে জলদস্যুদের বাঁধার মুখে পড়েন। সশস্ত্র দস্যুরা সাংসদকে ঘিরে রেখে অশোভন আচরন করতে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এক পর্যায়ে তিনি আবার জেলা সদরে ফিরে আসেন।

নোয়াখালীতে জাতীয় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি সপ্তাহ সমাপ্ত

নোয়াখালীর হরিনারায়নপুর উচ্চ বিদ্যালয়ে বুধবার তিনদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি সপ্তাহ সমাপ্ত হয়েছে।
গত সোমবার এ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম। এবিএম আবদুল আলিমের সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আতাউর রহমান ও অধ্যাপক হেলাল মোশারফ।

Wednesday, March 23, 2011

নোয়াখালীতে গ্যাস ফিল্ডের কাজ শুরুর দাবিতে বিশাল মানববন্ধন

 নোয়াখালীতে গ্যাস ফিল্ডের খনন কূপের তেল গ্যাস উত্তোলন কাজ শুরু করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় লোকজন।
এনায়েতপুর গ্রামে গ্যাস ফিল্ডের সামনে মঙ্গলবার তেল-গ্যাস উত্তোলনে গঠিত সংগ্রাম কমিটি এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে মানববন্ধনে বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং এলাকার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

Friday, March 18, 2011

নোয়াখালীতে এপেক্স ক্লাবের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা


জাতীয় শিশু দিবস উপলক্ষে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব নোয়াখালী বৃহস্পতিবার বিকেলে শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।
 নোয়াখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল থেকে তিনটি বিভাগে ৭০ জন প্রতিযোগি অংশগ্রহণ করে।

বাল্যবিয়ে: নোয়াখালীতে বর ও কনে বাবা মা সহ ১৬ জনের জরিমানা

নোয়াখালীর সেনবাগে অপ্রাপ্ত বয়স্ক এক স্কুল ছাত্রীকে বিয়ে দেওয়ার অপরাধে ১৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মুহাম্মদ আনোয়ার পাশা বুধবার এ রায় দেন। দণ্ড প্রাপ্তরা রাতে জরিমানা পরিশোধ করে মুক্ত হন।
ইউএনও জানান, পৌর এলাকার চাঁদপুর গ্রামের মো. মোস্তফার মেয়ে ফাহমিদা আক্তার তিষ্ণাকে (১৬) গত ১৪ মার্চ ফেণীর সোনাগাজী উপজেলার রাজাপুর গ্রামের ছিদ্দিক উল্লার ছেলে আজিজুর রহমান মোরশেদের (৩০) সঙ্গে বিয়ে ঠিক করা হয়েছিল। তিষ্ণা সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।

Thursday, March 17, 2011

এন.এ. চৌধুরী ট্যালেন্টস্ প্রিপারেটরিতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


নোয়াখালীর চৌমুহনীর এন.এ. চৌধুরী ট্যালেন্টস্ প্রিপারেটরিতে মঙ্গলবার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌমুহনী সরকারি এস.এ. কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শহীদ উল্যা ভূঞাঁ, বিশেষ অতিথি ছিলেন জালাল উদ্দিন কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এন.এ. চৌধুরী ট্যালেন্টস প্রিপারেটরির অধ্যক্ষ মাহবুব আযম রেজা সভাপত্বিতে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এন.এ. চৌধুরী ট্যালেন্টস্ প্রিপারেটরির  পরিচালক ও নোয়াখালী সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল্যাহ কামরুল।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

Wednesday, March 16, 2011

হাতিয়ায় নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন: ইউপি নির্বাচনে অনিয়ম ও সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব:) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেকোন ধরণের অনিয়ম ও সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সহিংসতার কারনে কোন ভোটকেন্দ্রের ভোট গ্রহন স্থগিত হলে ওই কেন্দ্রের নির্বাচন বাতিল করা হবে।
তিনি বুধবার সকালে নোয়াখালীর হাতিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। নির্বাচন কমিশনার সাখাওয়াত বলেন, কোন অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে কেউ থানায় মামলা করতে এলে ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি মামলা নিতে অস্বীকৃতি জানান তাহলে তাঁর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tuesday, March 15, 2011

নোয়াখালীতে ঘুর্ণিঝড়ে পুলিশক্যাম্পসহ ১০০ কাঁচা ঘর বিধ্বস্ত, আহত ৬


নোয়াখালীর সুবর্ণচরের উপর দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় প্রচন্ডবেগে বয়ে যাওয়া এক ঘূর্ণিঝড়ে চরজিয়াউদ্দিনের একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পসহ প্রায় একশটি কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন শিশু ও মহিলাসহ অন্তত ছয়জন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
অন্যদিকে, স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরী ঘুর্নিঝড়ে ক্ষয়ক্ষতির খবর পেয়ে গতকাল বুধবার মোহাম্মদপুর, চরক্লার্ক, চরওয়াপদাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে দুই লক্ষাধিক টাকা বিতরণ করেছেন।

নোয়াখালীতে প্রাক বাজেট আলোচনা।। চরাঞ্চলে পর্যাপ্ত কৃষি মার্কেট ও হিমাগার প্রতিষ্ঠার প্রতি গুরুত্বারোপ


আবু নাছের মঞ্জু, নোয়াখালী:
জলাবদ্ধতা, সেচ সংকট আর লবণাক্ততা সমস্যার সমাধানের মধ্যদিয়ে বোরো ও আমন মওসুমে নোয়াখালীর ১ লাখ ৩২ হাজার ২৬৬ হেক্টর জমি চাষাবাদের আওতায় আনা সম্ভব। অন্যদিকে উৎপাদিত কৃষি পন্যের লাভজনক মূল্য নিশ্চিত করতে উপকূরীয় চরাঞ্চলে পর্যাপ্ত সংখ্যক কৃষি মার্কেট ও হিমাগার প্রতিষ্ঠার করা এবং কৃষি ঋন প্রাপ্তিতে কৃষকদের ভোগান্তি দুর করার মধ্যদিয়ে খাদ্য উদ্বৃত্ত নোয়াখালী জেলা দেশের কৃষিতে নতুন দিগন্ত সূচনা করতে পারে। আর এই অপার সম্ভাবনাকে কাজে লাগাতে আশু রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহনের বিকল্প নেই।

Monday, March 14, 2011

নোয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নোয়াখালীতে মো: হোরন ওরফে হোরন ডাকাত (৪২) নামে সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেপ্তার করেছে পুলিশ।   
নিজ বাড়ি সদর উপজেলার দাদপুর ইউনিয়নের হুগলি গ্রাম থেকে সোববার ভোর রাতে সুধারাম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। নোয়াখালী সদর সার্কেলর সহকারী পুলিশ সুপার(এএসপি) আ ফ ম নিজাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জাতে পারে রোববার হোরন নিজ বাড়িতে অবস্থান করছে। এরপর তাঁর নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ভোররাতে হোরনকে গ্রেপ্তার করে।

ফলোআপ।। নোয়াখালীতে দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামী নিহত থানায় মামলা\ লাশ মর্গে প্রেরণ

নোয়াখালীর চাটখিলে দুর্বৃত্তদের গুরিতে মো. হাসান(৪৮) নামে একজনের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে।
হাসানের চাচা আবু তাহের বাদী হয়ে সোমবার চাটখিল থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত তিন ব্যক্তিকে আসামী করা হয়েছে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক এ তথ্য জানান।
রোববার রাতে উত্তর রাম নারায়নপুর গ্রামে নিজ বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসা ছিলেন হাসান। এসময় মটর সাইকেলযোগে তিনজন মুখোশধারী দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়।

নোয়াখালীতে দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামী নিহত

নোয়াখালীর চাটখিল উপজেলার উত্তর রাম নারায়নপুর গ্রামে রোববার রাতে দুর্বৃত্তদের গুলিতে মো. হাসান(৪৮) নামে হত্যা মামলার এক আসামী নিহত হয়েছে।
রাত দশটার দিকে স্থানীয় চা দোকানের সামনে মটর সাইকেলযোগে চারজন মুখোশধারী দুর্বৃত্ত এসে হাসানের ওপর গুলি চালালে ঘটনাস্থলে সে মারা যায়।

শোক সংবাদ: আবদুল গনি

নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক আবদুল গনি (৮০) গতকাল রোববার সকালে নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি....রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বিকেলে হাসানপুর গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।

Saturday, March 12, 2011

নোয়াখালীতে অপহরনের ১১ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার \ অপহরণকারী গ্রেফতার

নোয়াখালীতে স্কুল এক ছাত্রীকে অপহরণের ১১ দিন পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলা কৃষ্ণরামপুর এলাকার একটি বাসা থেকে সুধারাম থানা পুলিশ ছাত্রীটিকে উদ্ধার করে। ওই রাতেই পুলিশ অপহরণকারী সাইফুলকে (৪৮) গ্রেফতার করে। সাইফুল কবিরহাট উপজেলার পশুরামপুর গ্রামের আমিন উল্যার ছেলে।
অপহরণ ও ধর্ষনের ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে সাইফুলসহ অজ্ঞাত আরো ২/৩ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শনিবার থানায় মামলা দায়ের করেন। একই দিন আদালতের মাধ্যমে সাইফুলকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এদিকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে অপহৃত ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।

কোম্পানীগঞ্জে পুলিশের সাথে নারী-পুরুষ সমঅধিকার আইন বিরোধী মিছিলকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া।। পুলিশের সাত কর্মকর্তাসহ ৩০ জন আহত ।। উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ পাঁচ জন গ্রেফতার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে শনিবার বিকেলে পুলিশের সাথে নারী-পুরুষ সমঅধিকার আইন বিরোধী মিছিলকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশের সাত কর্মকর্তাসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।
লাঠিচার্জের পর ১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। এসময় মিছিলকারীদের মধ্য থেকে উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেন সহ পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল পাঁচটার দিকে বসুরহাট উপজেলা জামে মসজিদের সামনে থেকে ওলামা মাশায়েখ পরিষদের ব্যানারে নারী-পুরুষ সমঅধিকার আইনের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করার পরপরই পুলিশী বাধার মুখে পড়ে।

চাটখিল উপজেলা সদরে শনিবার ভোরে অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে ছাঁই

নোয়াখালীর চাটখিল উপজেলা সদরে শনিবার ভোরে অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।
খবর পেয়ে রামগঞ্জ, চৌমুহনী এবং জেলা সদর মাইজদী থেকে দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
দমকল বাহিনীর ভাষ্যমতে অগ্নিকান্ডে ক্ষতির পরিমান কোটি টাকার মতো হবে। তবে স্থানীয় ব্যবসায়ীদের মতে ক্ষতি কোটি টাকা ছাড়িয়ে যাবে। বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনে সূত্রপাত বলে ধারনা করছে দমকল বাহিনী।

Friday, March 11, 2011

তিউনিশিয়া সীমান্তে বাংলাদেশির মৃত্যু নোয়াখালীতে সেলিমের লাশ দাফন

আবু নাছের মঞ্জু, নোয়াখালী:
তিউনিশিয়া সীমান্তে মারা যাওয়া সেলিম চৌধুরীর (২৫) লাশ নোয়াখালীতে তাঁর গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামে শুক্রবার সেলিমের লাশ এসে পোঁছে।
সেলিমের লাশ আসছে এমন খবর ছড়িয়ে পড়লে ভোর থেকে আবুল কালাম মাষ্টারের বাড়িতে তাঁর আত্মীয় স্বজনদের সাথে এলাকায় হাজার হাজার মানুষ আসতে শুরু করেন। সকাল সাড়ে আটটায় লাশ আশার পর সেলিমের পিতা-মাতা ও স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়। এরপর পারিবারিক কবরস্থানে লাশের দাফন সম্পন্ন করা হয়।

Thursday, March 10, 2011

পৌরসভা নির্বাচন।। কবিরহাটে স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণ শেষে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে বিজয়ী ঘোষনা\ বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে ভোটগ্রহন স্থগিত হওয়া কেন্দ্রে ভোটগ্রহন শেষে ফলাফল ঘোষনা করা হয়েছে। বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কবিরহাট সরকারি কলেজ কেন্দ্রে ভোটগ্রহন চলে। গননার পর সন্ধ্যায় বেসরকারি ফলাফলে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত জহিুরুল হক রায়হান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৯১২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির ফখরুল ইসলাম দুলাল পেয়েছেন ১৫৯ ভোট।

Wednesday, March 9, 2011

পৌরসভা নির্বাচন।। কবিরহাটে স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণ চলছে

নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে ভোটগ্রহন স্থগিত হওয়া কেন্দ্রে শান্তিপূর্ন পরিবেশে ভোটগ্রহন চলছে।
কবিরহাট সরকারি কলেজ কেন্দ্রে বুধবার সকাল আটটা থেকে ভোটগ্রহন শুরু হয়; চলবে বিকেল চারটা পর্যন্ত। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহন সম্পন্ন করার লক্ষ্যে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে।
পৌরসভার এক নম্বর ওয়ার্ডভুক্ত ভোটকেন্দ্রটিতে গত ১৮ জানুয়ারি নির্বাচন চলাকালে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোট গ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন। ওই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১ হাজার ৩৩০জন।

নোয়াখালীতে নারী দিবস পালিত


নানা কর্মসূচির মধ্যদিয়ে নোয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বিকেলে বিআরডিবি মিলনায়তনে নালি নির্যাতন বিষয়ক গণ শুনানীর আয়োজন করে উন্নয়ন সংস্থা এনআরডিএস ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটি। গণশুনানিতে জুরি হিসেবে দায়িত্ব পালন করেন এনআরডিএস নির্বাহী প্রধান আবদুল আউয়াল, লেখক মাহমুদুল হক ফয়েজ, অ্যাডভোকেট কল্পনা রাণী দাস, অ্যাডভোকেট শুক্লা সাহা, শিক্ষিকা হাসিনা আক্তার।প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করে অ্যাডভোকেট গোলাম আকবর ও এমদাদ হোসেন কৈশোর।

নোয়াখালীতে সবার জন্য খেলা বিষয়ক সেমিনার

নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গবার সকালে সবার জন্য খেলা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অলেম্পিক এসোসিয়েশন ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সেমিনারে সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ অলেম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু, পরিচালক ও সিইও কর্ণেল মো. ওয়ালী উল্লাহ (অব:), জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামছুল হাসান।

সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারি ইউনিয়নের গণঅনশন


কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারি ইউনিয়ন নোয়াখালী সংসদ গণঅনসন করে ।
এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে আলোচনা সভায় বক্তব্য রাখেন মঞ্জরুল করিম মন্টু, শাহ আলম ভূঞা, মোস্তফা কামাল, নূর নবী, মনোয়ারুজ্জামান। 
বক্তগণ অধিদপ্তরের কর্মরত ৭২০৬ জন ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারিদের বয়স প্রমার্জন, পূর্ণকালীন চাকুরি শেষে বিদায় নেয়া কর্মচারিদের নিয়মিত করে পেনশন প্রদান, পারিবারিক পেনশন প্রথা চালু, ৩০% চাকুরি কোটা সংরক্ষণ করা সহ ৭ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান।

  • আবু নাছের মঞ্জু

Sunday, March 6, 2011

স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে লাশের অপেক্ষায় সেলিমের পরিবার


জমিজমা বিক্রি করে সেলিম চৌধুরীকে বিদেশে পাঠিয়েছিলো পরিবার। আশা ছিলো, সংসাদে স্বাচ্ছন্দ্য আনবে লিবীয় দিনার। কিন্তু সেখানে এ যুবকের মৃত্যুতে ভেঙে গেছে আশা। এখন সন্তানের লাশটি যেন পাওয়া যায়, সে আশা নিয়ে সরকারের পানে চেয়ে আছেন সেলিমের বাবা-মা।
সংঘাতময় লিবিয়া থেকে পালানোর সময় তিউনিশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামের আবুল কালামের ছেলে সেলিম (২৫)।
পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার সেলিমসহ দুজন লিবীয়প্রবাসীর মৃত্যুর খবর নিশ্চিত করেন।

নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

নোয়াখালীর উপকূলীয় সুবর্ণচর ও হাতিয়ায় উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন শনিবার উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন।
সুবর্ণচর উপজেলার রিটার্নিং অফিসার শ্রীনিবাস দেবনাথ জানান, উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৩৫ জন, সাধারন সদস্য পদে ৩৯৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২১ জন প্রার্থী তাদের মনোনয়পত্র দাখিল করেন।

Saturday, March 5, 2011

কোম্পানীগঞ্জে বার্ডফ্লু আক্রান্ত হয়ে ৬০০ মুরগীর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বার্ডফ্লু আক্রান্ত হয়ে একটি খামারের ছয়শ লেয়ার মুরগী মারা গেছে। উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের শিখা এগ্রো কমপ্লেক্স নামে ওই লেয়ার খামারে আরো প্রায় ছয় হাজার মুরগী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। পশু সম্পদ বিভাগ মৃত মুরগিগুলো মাটিতে ফুতে ফেলার এবং খামারটি থেকে ডিম কিংবা মুরগী অন্যত্র স্থানান্তর নিষিদ্ধ করেছে।
খামারের মালিক বাহার উদ্দিন মাহমুদ জানান, তাঁর খামারে ৬ হাজার ৫৩৮টি মুরগী মধ্যে গত ১ মার্চ হঠাৎ করে একটি মুরগী মারা যায়।

Friday, March 4, 2011

গতিরোধক নির্মানের দাবি।। নোয়াখালী-কুমিল্লা সড়কে তিনঘন্টা অবরোধ, ভাঙচুর

নোয়াখালী-কুমিল্লা সড়কের সোনাইমুড়ী বাইপাসে গতিরোধক নির্মানের দাবিতে শুক্রবার বিকেল থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত অবরোধ সৃষ্টি করে স্থানীয় লোকজন।
সোনাইমুড়ি উপজেলা আওয়ামীলীগ নেতা মাহফুজুর রহমান জানান, বিকাল সাড়ে ৫টা থেকে বিক্ষুদ্ধ কয়েকশ লোক মিছিল সহকারে সড়কে উঠে অবরোধ সৃষ্টি করে। অবরোধকারীরা শাহী পরিবহনের একটি বাস ভাঙচুর করে। এসময় সড়কের দুই দিকে ঢাকা-নোয়াখালী, ঢাকা-লক্ষীপুর এবং নোয়াখালী-কুমিল্লা রুটে চলাচলকারী অসংখ্য যানবাহন আটকা পড়ে। তিন ঘটার এই অবরোধ চলাকালে সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়ে দুরপাল্লার যাত্রিরা।

Thursday, March 3, 2011

কবিরহাট পৌরসভার স্থগিত কেন্দ্রে নির্বাচন আগামী ৯ মার্চ

নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে স্থগিত হয়ে যাওয়া ভোট কেন্দ্রের নির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। কবিরহাট সরকারি কলেজ নামে (এক নম্বর ওয়ার্ড) ওই কেন্দ্রটিতে গত ১৮ জানুয়ারি নির্বাচন চলাকালে অনিয়মের অভিযোগে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল।
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এবং রিটার্নিং কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, নির্বাচন কমিশন থেকে আগামী ৯ মার্চ নির্বাচন অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করে তাঁকে চিঠিতে জানানো হয়েছে। সেই প্রেক্ষিতে তিনি গণ বিজ্ঞিপ্তির মাধ্যমে বিষয়টি পৌর এলাকায় প্রচারের ব্যবস্থা করছেন।

Wednesday, March 2, 2011

সেনবাগে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি আহত

নোয়াখালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ এয়াকুব ভূঞা(৩৮) নামে এক ব্যক্তিকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে। সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মইজদী গ্রামে গত মঙ্গলবার এই ঘটনা ঘটে। আহত এয়াকুব এখন নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানায়, একই বাড়ির আবদুল মালেক ভূঞার পরিবারের সাথে এয়াকুব ভূঞার পরিবারের জমিজমা নিয়ে গত চার বছর থেকে মামলা মকদ্দমা চলে আসছিল।

নোবিপ্রবি’র ক্লাশ শুরু ১৪ মার্চ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাশ আগামী ১৪ মার্চ হতে শুরু হবে। কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স, ফার্মেসি, এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাইক্রেবায়োলজি, গণিত এবং ইংরেজি বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে উল্লিখিত তারিখে ক্লাশে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।  বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অফিসের গণসংযোগ শাখা থেকে মঙ্গলবার প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সেনবাগে বাল্য বিয়ের দায়ে বর ও কনের বাবা-মা, মৌলভী ও স্বাক্ষীদের জেল জরিমানা দণ্ড

নোয়াখালীর সেনবাগে অপ্রাপ্ত বয়স্ক এক মাদ্রসা ছাত্রীকে বিয়ে দেয়ার অপরাধে বর ও কনের বাবা-মা, বিয়ে পড়ানোর মৌলভী এবং স্বাক্ষীসহ মোট নয় জনকে জেল জরিমানার দণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশা সোমবার রাতে তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে এই দণ্ডাদেশ দেন। রায় ঘোষনার পর অভিযুক্তরা জরিমানার টাকা পরিশোধ করে ওইদিন রাত দশটার দায়মুক্ত হন।

কাম্পানীগঞ্জে র‌্যাব-ডাকাত বন্দুকযুদ্ধ জল ও বনদস্যু বাহিনী প্রধান কামরুল হাসান টিপু নিহত র‌্যাবের দুই হাবিলদার আহত \ আগ্নেয়াস্ত্র উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে জল ও বনদস্যু বহিনী প্রধান কামরুল হাসান টিপু(৩২) নিহত হয়েছে। রোববার শেষ রাতের দিকে মুছাপুর ইউনিয়নের মক্কা নগর এলাকায় ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এসময় র‌্যাবের দিলীপ বড়ুয়া ও সফিকুল ইসলাম নামে দুই হাবিলদার আহত হন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি পাইপগান, একটি সাটারগান সহ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

সর্বশেষ সংবাদ

দৃষ্টি আকর্ষণ

রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।

বিডিনিউজ২৪.কম | সর্বশেষ সংবাদ

বিবিসি বাংলা | সর্বশেষ সংবাদ

পাঠকের কলাম



সাইদ বিন সিদ্দিক

বঞ্চনা থেকে স্বাধীনতা

১৯৪৩ সালের দুর্ভিক্ষ পরবর্তী সময়ে ১৯৪৬ সালে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গায় বিপুল সংখ্যক লোকের প্রাণহানি সর্বোপরি ইংরেজ বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে ইংরেজ রাজত্বের অবসান এবং পাক-ভারত বিভাজন সুনিশ্চিত হয়ে পড়ে। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্বের ভিত্তিতে পূর্ববঙ্গ ও পশ্চিম পাকিস্তান এ দুটি অংশ নিয়ে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়। এক্ষেত্রে আসাম ও বাংলা (পশ্চিম বঙ্গ ও পূর্ববঙ্গ) পূর্ব পকিস্তানের অন্তর্ভূক্তির আলোচনা থাকলেও বড় লাট লর্ড মাউন্ট ব্যাটেন, জিন্নাহর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মুসলিমলীগ ও কংগ্রেসের কারসাজিতে পূর্ববঙ্গ ও আসামের সিলেট অংশ নিয়ে পূর্ব পাকিস্তান গঠিত হয়। পাকিস্তান সৃষ্টির আন্দোলনে মোহাম্মদ আলী জিন্নাহ, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আকরাম, আবুল হাশিম সহ আরো অনেক নেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাও মনে রাখার মত। [বিস্তারিত]

পাঠকের মতামত

নোয়াখালীতে ইঞ্জিনিয়ারিং কলেজ চাই
১৮২১ সালে গঠিত অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীতে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের জন্য নোয়াখালী জেলাবাসি অনেকদিন ধরে সরকারের নিকট দাবি জানিয়ে আসছে । বৃহত্তর নোয়াখালীর উচ্চমাধ্যমিক পাস করা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ না থাকার কারণে প্রকৌশল শিক্ষার সুযোগ হতে বঞ্চিত হচ্ছে ।
বর্তমান সরকারের ভিশন ২০২১ তথা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে প্রকৌশল শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির বিকল্প নাই । আর তার জন্য দরকার প্রকৌশল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করন। কিন্তু প্রায় ৪০ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত নোয়াখালী জেলায় আজ পর্যন্ত সরকারিভাবে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি সরকারি পলিটেকনিক ইন্সিটিউট বা একটি মেরিন অ্যাকাডেমি স্থাপিত হয়নি যাহা অত্যন্ত দুঃখের বিষয় বটে।
নোয়াখালীর হাতিয়ায় মেরিন অ্যাকাডেমি স্থাপনের জন্য পর্যাপ্ত জায়গাও রয়েছে। সুতরাং প্রকৌশল শিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরীর জন্য নোয়াখালীতে একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি সরকারি পলিটেকনিক ইন্সিটিউট এবং সরকারি মেরিন অ্যাকাডেমি স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় নৌ- পরিবহণ মন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি।

আব্দুল্লাহ আল সাইদ, মাইজদী, নোয়াখালী।
email-asayed1191@gmail.com
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ